নেত্রকোণা জেলার মদন উপজেলায় ধর্ষণে ১১ বছর বয়সী মাদ্রাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলার আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৬ মে) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মদন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, ভোর সোয়া ৪টার দিকে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা থেকে র্যাব–১৪ (ময়মনসিংহ) এর একটি দল তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। দুপুরে র্যাব পক্ষ থেকে আসামিকে আমাদের হাতে হস্তান্তরের কথা রয়েছে।
তিনি আরও বলেন, আসামিকে হাতে পাওয়ার পর যদি সময় থাকে, আমরা আজকেই তাকে আদালতে প্রেরণ করব। অন্যথায় আগামীকাল আদালতে প্রেরণ করতে হবে।
সর্বশেষ পাওয়া তথ্য মতে, আজ দুপুর ১২টায় চাঞ্চল্যকর এই মামলার মূল আসামি গ্রেপ্তারের বিষয়ে একটি প্রেস ব্রিফিং করবেন র্যাব–১৪ এর অধিনায়ক।
এর আগে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগীর মা মদন থানায় আমান উল্লাহ সাগরকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আমান উল্লাহ সাগর ‘হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদরাসা‘র পরিচালক ও শিক্ষক।
এসএ