ভ্রমণ শুধু বিনোদন নয়—জানার, শেখার এবং নিজেকে সমৃদ্ধ করার অন্যতম মাধ্যম। এই ভাবনাকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ–এর পঞ্চম শাখা জিরো টু গ্লোবাল জার্নিজ ক্লাব।
ঢাকার অভিজাত বার্ডস আই রেস্টুরেন্টে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এসএসসি ২০০২ ব্যাচ বাংলাদেশ–এর প্রতিষ্ঠাতা প্রশাসক মাহমুদ হাসান সুমনসহ ক্লাবের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক ও কর্মকর্তারা শপথবাক্য পাঠ করেন।
দেশ–বিদেশের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ, নতুন সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া এবং ভ্রমণপ্রিয় মানুষের মধ্যে বন্ধন আরও দৃঢ় করাই এই ক্লাবের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে বাংলাদেশের স্বনামধন্য ভ্রমণ প্রতিষ্ঠান ট্রাভেল সেন্স–এর সঙ্গে জিরো টু বাংলাদেশের একটি বিশেষ প্রাতিষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে সদস্যরা দেশ–বিদেশের বিভিন্ন গন্তব্যে বিশেষ সুবিধা ও সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।
আয়োজকরা জানান, ভ্রমণকে আনন্দের পাশাপাশি জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করাই ক্লাবটির মূল লক্ষ্য। ভ্রমণ হোক জানার, শেখার ও নিজেকে সমৃদ্ধ করার মাধ্যম—এই প্রত্যয়ে দেশ থেকে বিশ্বজয়ের পথে এগিয়ে যেতে চায় জিরো টু গ্লোবাল জার্নিজ ক্লাব।