দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে দেশটির দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে এ ভূকম্পনটি আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল)।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ফিলিপাইন, সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ প্রধান বেঞ্জি আনচেতা জানান, সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই পুলিশ ভবনে কিছু ফাটল দেখা দেয়।
তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে শক্তিশালী ঝাঁকুনিতে কিছু মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন।
এদিকে, প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার তথ্যানুযায়ী, ফিলিপাইন উপকূলীয় এলাকায় ৩ মিটার পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে। এছাড়া ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার কিছু অংশে ১ মিটার পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা রয়েছে।
ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাপান সরকার সুনামি সতর্কতা জারি করে বলেছে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক বড় ঢেউ আঘাত হানতে পারে।
ফিলিপাইন প্রেসিডেন্ট মার্কো এক জরুরি বার্তায় বলেন, কোনো অপেক্ষা না করে আপনারা সবাই উঁচু স্থানে চলে যান। তিনি জানান মিন্দানাওয়ের একাধিক উপকূলীয় অঞ্চলে ইতিমধ্যে প্রভাব পড়া শুরু হয়েছে।
উল্লেখ্য, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। উভয় দেশই ‘প্যাসিফিক রিং অব ফায়ার’–এর অন্তর্ভুক্ত।
এসএ