ভারত বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে: রিজভী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌঁছাতে পারবে না, ভারত সরকার বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম–মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

রিজভী বলেন, ‘গোটা বিশ্ব যখন বাংলাদেশের ভোটাধিকারবঞ্চিত ও গণতন্ত্রকামী মানুষের পক্ষে সরব, তখন ১৫ বছর ধরে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগের পক্ষে বক্তব্য–বিবৃতি দিচ্ছে রাশিয়া, চীন ও ভারত। রাশিয়া–চীনে গণতন্ত্র নেই। তবে প্রতিবেশী ভারতে গণতন্ত্রের ঐতিহ্য আছে। সেই ভারত সরকার সরাসরি একটি অগণতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান নিয়েছে; যা অতীব দুঃখজনক।’

রিজভী আরও বলেন, ‘ভারতের সমর্থন–শক্তিতে আওয়ামী লীগ দেশটাকে গিলে ফেলেছে। ১৫ বছর ধরে কেউ ভোট দিতে পারছে না, লাখো মানুষ কারাবন্দি, কোটি মানুষ ঘরে থাকতে পারে না।’

ওবায়দুল কাদেরর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদের আজ বলেছেন যে তাদের নির্বাচনের ট্রেন চলতে শুরু করেছে। কিন্তু তাদের ট্রেনে তো শুধু আওয়ামী লীগ ও গণবিচ্ছিন্ন লোকজন। তাদের যেসব কিংস পার্টি, ডামি পার্টি খুলেছেন এবং বিভিন্ন দল থেকে অচ্ছুৎ লোকজনকে ভাড়া করে নির্বাচনের ট্রেনে চড়েছেন, সেই ট্রেনকে গন্তব্যে পৌঁছাতে দেবে না মুক্তিকামী জনগণ।

তিনি বলেন, যারা লোভে পড়ে সরকারের পাতানো নির্বাচনে অংশ নেবেন তারা রাজনীতির আবর্জনার ভাগাড়ে পরিণত হবেন। সাধারণ মানুষ এরই মধ্যে তাদের বেইমান হিসেবে আখ্যায়িত করেছে।

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের মন্তব্য প্রতারণা ও ভন্ডামি: রিজভী

মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More