ছেঁড়া–ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং বিনিময়ে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট সরবরাহে দেশের সব তফসিলি ব্যাংককে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক ডিপার্টমেন্ট অব কারেন্সী ম্যানেজমেন্ট (ডিসিএম) থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে ব্যাংকের সব শাখায় বিধি অনুযায়ী ছেঁড়া–ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ এবং তার পরিবর্তে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট প্রদানের সেবা নিয়মিতভাবে চালু রাখতে হবে।
তবে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর জারি করা ডিসিএম পরিপত্র নং–০৪/২০২৫–এর নির্দেশনা থাকা সত্ত্বেও বাজারে এখনো ছেঁড়া–ফাটা ও ময়লাযুক্ত নোটের আধিক্য পরিলক্ষিত হচ্ছে, যা সাধারণ লেনদেনে ভোগান্তি সৃষ্টি করছে।
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ‘পরিচ্ছন্ন নোট নীতিমালা’ বাস্তবায়নের লক্ষ্যে জনসাধারণের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ক্ষতিগ্রস্ত নোট, বিশেষ করে ছোট মূল্যমানের ৫, ১০, ২০ ও ৫০ টাকার নোট গ্রহণ করে, নির্ধারিত ব্যাংক কাউন্টারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নতুন বা পুনঃপ্রচলনযোগ্য নোট বিনিময় করার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া কোনো ব্যাংকের কোনো শাখা এ ধরনের সেবা প্রদানে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় সতর্ক করা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
এসএ