রাজধানীর ডেমরা থানার সারুলিয়া এলাকা থেকে ২টি হাতবোমা‘সহ জুয়েল ভুঁইয়া ওরফে ‘ওস্তাদ’ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, জুয়েল নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ‘জঙ্গি’ এবং নব্য জেএমবি‘র বোমা তৈরির সঙ্গে জড়িত নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।
রবিবার (১৬ আগস্ট) গোপন তথ্যের ভিত্তিতে সারুলিয়া এলাকায় অভিযান চালায় অ্যান্টিটেরোরিজম ইউনিট (এটিইউ) ও ডেমরা থানা পুলিশ। এ সময় জুয়েলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে বোমাসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়।
ডিএমপির ডেমরা জোনের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার মোহসিন মাসুদ জানান, বোমারু মামুনের সহযোগী হিসেবে সন্দেহভাজন জুয়েল ওই এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) যৌথভাবে এ অভিযান চালায়। অভিযানে দুটি হাতে তৈরি বোমা উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় ১৯ জুলাই বিকালে নরসিংদী কারাগারে হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ঘটে। আন্দোলনকারীরা কারাগারের ভেতরে ঢুকে সেলের তালা ভেঙে ফেলেন। সেখান থেকে ৯ জঙ্গিসহ ৮২৬ কয়েদি পালিয়ে যান। কারাগারের অস্ত্রাগার ও কারারক্ষীদের কাছ থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫০টি গুলি লুট করা হয়।
এসএ