
বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার

কুষ্টিয়া ৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার চাচা ও পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক সর্দারকে বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) মধ্যরাতে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রবিবার (২২ নভেম্বর) সকালে তাকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানা পুলিশ। বিকেল ৩টার দিকে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা ২৯ নম্বর বৈষম্যবিরোধী মামলায় আব্দুল মালেক সর্দারকে ইবি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে রবিবার সকালে ইবি থানা পুলিশ কুষ্টিয়া মডেল থানায় তাকে হস্তান্তর করে।
তিনি কুষ্টিয়া সদর উপজেলার ৮ নম্বর পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের মৃত আমির সর্দারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। কুষ্টিয়া সদর ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সম্পর্কে চাচা ।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। পরে রবিবার সকালে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন বলেন, বৈষম্যবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে মুফতি আমির হামজার সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।








