চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে আজ মঙ্গলবার (২৪ মার্চ) সকালে বেনাপোল চেকপোস্টে আসেন পাসপোর্ট যাত্রী সুশান্ত কুমার মজুমদার। এসময় তাকে ভয়–ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগে তিন দালালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ভুক্তভোগী পাসপোর্ট যাত্রী কুমিল্লা জেলার বুড়িচং থানার বুড়িচং গ্রামের বাসিন্দা।
গ্রেপ্তারকৃতদের হলেন– বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের সলেমানের ছেলে হামিদ, ভবারবেড় গ্রামের মতলেবের ছেলে আতিকুর রহমান ও একই গ্রামের শাহাজানের ছেলে রুবেল হোসেন।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল চেকপোস্টে আসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার বুড়িচং গ্রামের পাসপোর্টযাত্রী সুশান্ত কুমার মজুমদার। এ সময় কয়েকজন পাসপোর্ট দালাল তাকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তাদের আস্তানায় নিয়ে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তিনি বেনাপোল পোর্ট থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে দালাল চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। যাত্রীদের নিরাপদ ভ্রমনে দালালচক্রের বিরুদ্ধে তাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।