যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ নিয়ে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা এবং সৌদি আরব থেকে তেল সরবরাহ আংশিকভাবে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনের শুরুতেই ব্রেন্ট ক্রুড ফিউচারস ও ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ১০ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে এসে ঠেকেছে। শুক্রবার ০.৯১ শতাংশ কমার পর গ্রিনিচ মান সময় ০২১৩–এ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.১৬ ডলার (বা ২.০৮ শতাংশ) কমে ১০১.৭১ ডলারে নেমে আসে।
অন্যদিকে আগের সেশনে ১.৫৮ শতাংশ পতনের পর ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২.১৫ ডলার (বা ২.১৪ শতাংশ) কমে দাঁড়িয়েছে ৯৮.১৫ ডলার।
কেসিএম ট্রেড–এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, ‘চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পথ খুলতে পারে। সেই আশাতেই তেলের বাজার থেকে ঝুঁকির প্রিমিয়াম কিছুটা কমেছে বলে মনে হচ্ছে।
‘তবে এই আশা শেষ পর্যন্ত কতটা যৌক্তিক প্রমাণিত হবে, সেটা একেবারেই ভিন্ন প্রশ্ন। সময়ই এর উত্তর দেবে।‘
এদিকে রয়টার্স জানিয়েছে, সর্বশেষ জাহাজ চলাচলের তথ্য অনুযায়ী শনিবার ও রোববার হরমুজ প্রণালি দিয়ে মোট ১২টি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। আগের সপ্তাহান্তে এই সংখ্যা ছিল ৩৫টি। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে জাহাজ চলাচল প্রায় দুই–তৃতীয়াংশ কমেছে।
রোববার ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী শান্তি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ এখনও ঊর্ধ্বমুখী। সৌদি আরবে হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানী রিয়াদসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তারা। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি স্থাপনাও ছিল।
এসএ