৯৬ বছরের ফিফা বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচেই দেখা গেল তিনটি লাল কার্ড। ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২–০ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রেফারির পকেট থেকে বের হওয়া তিনটি লাল কার্ড।
অথচ সর্বশেষ ২০১৮ রাশিয়া এবং ২০২২ কাতার বিশ্বকাপজুড়ে ছিল কেবল ৪টি করে লাল কার্ডের নজির। এবার সূচনাই হলো ৩ লাল কার্ডে।
গতকাল (বৃহস্পতিবার) রাতে মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের। পরে রাত ১টায় শুরু হওয়া উদ্বোধনী ম্যাচে স্বাগতিক মেক্সিকো ২–০ ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। যেখানে ব্রাজিলিয়ান রেফারি উইল্টন সাম্পাইও দুই দলের তিন খেলোয়াড়কেই সরাসরি লাল কার্ড দেখিয়েছেন, যা বিশ্বকাপে দুর্লভ ঘটনা। হলুদ কার্ডের সতর্কতা ছাড়া সর্বশেষ এমন নজির দেখা যায় ৭২ বছর আগে।
ম্যাচের ৫০তম মিনিটে দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে এবং ৮৪তম মিনিটে থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে একই পরিণতি বরণ করেন মেক্সিকোর ডিফেন্ডার সেজার মন্তেস।
বিশ্বকাপে এক ম্যাচে তিন বা তার বেশি লাল কার্ড দেখানোর ঘটনা এর আগে সাতবার ঘটলেও কোনোবারই তা উদ্বোধনী ম্যাচে হয়নি। ফলে মেক্সিকো–দক্ষিণ আফ্রিকা ম্যাচটি বিশ্বকাপ ইতিহাসে উদ্বোধনী ম্যাচে সর্বোচ্চ লাল কার্ডের নতুন রেকর্ড গড়েছে।