জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাস ভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
নতুন প্রস্তাব অনুযায়ী, সিটি সার্ভিস ও দূরপাল্লার বাস— উভয় ক্ষেত্রেই কিলোমিটার প্রতি ২০ পয়সা ভাড়া বৃদ্ধির কথা বলা হয়েছে। একই সঙ্গে সর্বনিম্ন ভাড়া বাসে ১০ টাকা ও মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার সুপারিশ করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিআরটিএ‘র সঙ্গে এক বৈঠকে এ প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বিআরটিএ বনানী কার্যালয়ে ওই বৈঠকে বাস মালিক–শ্রমিকসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতিনিধিরা অংশ নেন।
বৈঠকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কিলোমিটার প্রতি ২০ পয়সা বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। অর্থাৎ, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়েছে। এছাড়াও ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে সড়ক পরিবহন মালিক সমিতি।
বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এএসএম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমরা আমাদের প্রস্তাব বিআরটিএ কাছে দিয়েছি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য বিআরটিএ এটি মন্ত্রণালয়ে পাঠাবে।
উল্লেখ্য, রবিবার (২০ সেপ্টেম্বর) দেশে ৪ ধরনের প্রধান জ্বালানি পণ্যের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। ফলে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে।
এসএ