বঙ্গবন্ধুকে নিয়ে লেখা শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

‘সংসদে বঙ্গবন্ধু’ ও ‘মুজিববর্ষ বিশেষ অধিবেশন’ শীর্ষক দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন শুরু হওয়ার আগে একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী বই দুটির মোড়ক উন্মোচন করেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭০–এর নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ জয়ের পর ক্ষমতা না দেওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে মহান স্বাধীনতা অর্জিত হয়। স্বাধীনতা অর্জনের পরপরই বঙ্গবন্ধু জাতিকে উপহার দেন সংবিধান। এরপর, ৭ মার্চ ১৯৭৩ সাধারণ নির্বাচন অনুষ্ঠান—এটা বিশ্বে বিরল।

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে বিশেষ এ অধিবেশন বেলা ১১টায় শুরু হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, আনিসুল ইসলাম মাহমুদ, চিফ হুইপ নূর–ই–আলম চৌধুরী বৈঠকে অংশ নেন।

৯ এপ্রিল পর্যন্ত এই অধিবেশন চলবে বলে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়। ৭ এপ্রিল বেলা ৩টায় এবং ৮ ও ৯ এপ্রিল সকাল ১০টায় অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে ‘সুবর্ণজয়ন্তী’ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কাল শুক্রবার বেলা সোয়া তিনটায় স্মারক বক্তৃতা দেবেন।

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More