দীপ্ত নিউজ
জাতীয়

‘পুশ ইন’ বন্ধে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
‘পুশ ইন’ বন্ধে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো (পুশ ইন) অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত সরকারকে আজ বা আগামীকাল (বুধবার) আরেকটি চিঠি দেবে বাংলাদেশ।

মঙ্গলবার (৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

‘পুশ ইন’ঠেকানো সম্ভব নয় বলে স্বীকার করেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পুশ ইন’ হচ্ছে ফিজিক্যালি, এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান–প্রদান হচ্ছে। আমরা আজ বা আগামীকাল আরেকটা চিঠি দেব এ বিষয়ে।

তিনি আরও বলেন, ‘পুশ ইন’ সমস্যা সমাধানে কনস্যুলার পদ্ধতির (কনস্যুলার ডায়ালগ) আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ।

তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর প্রতিবাদ জানিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও শক্ত ভাষায় প্রতিবাদ অব্যাহত থাকবে। নমনীয়তার কোনো সুযোগ নেই।

ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার কারণে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং নির্ভরতা কমেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা।

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের প্রতিক্রিয়া আছে কি না— জানতে চাইলে উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে এখন পর্যন্ত ভারত সরকারের কোনো জবাব বা প্রতিক্রিয়া আমরা পাইনি। প্রয়োজন হলে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে আরেক দফা চিঠি দেবে ঢাকা।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।