পুলিশের সব ইউনিটে থাকবে একই পোশাক: ডিএমপি কমিশনার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পুলিশ বাহিনীর জন্য পরিবর্তন হতে যাওয়া মূল পোশাকটিই পরবে বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা। আগের মতো আর ইউনিট অনুযায়ী আলাদা পোশাক থাকবে না। সবাই একই পোশাক পরবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এ তথ্য জানান।

পুলিশের পোশাকের সঙ্গে কি ডিএমপির পোশাকও বদলাচ্ছে, জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, পুলিশসহ র‌্যাব ও আনসারের পোশাক বদলাচ্ছে। গতকাল সোমবার (২০ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিন বাহিনীর জন্য আলাদা পোশাক অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর তা কার্যকর হবে। তবে বাহিনী হিসেবে পুলিশের পোশাক বদলালেও ইউনিটে তা বদলাচ্ছে না। যা আছে তা–ও থাকছে না। অর্থাৎ বদলে যাওয়া নতুন পোশাকই পরিধান করবে পুরো বাহিনীর সদস্য। আমরা সবাই একই পোশাক পরব।

তিনি আরও বলেন, পুলিশের দুই লাখ সদস্য আছে। এ ছাড়া ১৯ হাজার সিভিল স্টাফও আছে। বিভিন্ন ইউনিটে আগে পোশাকের ভিন্নতা ছিল। এটি কার্যকর হওয়ার পর আর বিভিন্ন ইউনিটে পোশাকে কোনো ভিন্নতা থাকবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন– বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ–সভাপতি উমর ফারুক আল হাদী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্, যুগ্ম সম্পাদক নিয়াজ আহমেদ লাবু, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, দপ্তর সম্পাদক ওয়াসিম সিদ্দিকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিহাল হাসনাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রকিবুল ইসলাম মানিক, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক জসীম উদ্দীন, আইন ও কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, আন্তর্জাতিক সম্পাদক হাবিবুল্লাহ মিজান, নির্বাহী সদস্য জিয়া খান, ইমরান রহমান, মোহাম্মদ জাকারিয়া।

ডিএমপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন– অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা–দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান ও উপ–পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহ মো. আব্দুর রউফ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জাহাঙ্গীর কবির।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More