দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
পুরোপুরি বন্ধ হতে যাচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

কয়লা সংকটে বন্ধ হচ্ছে পটুয়াখালীর পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের পুরো বিদ্যুৎ উৎপাদন। শনিবার (৩ জুন) কিংবা রবিবার (৪ জুন) মধ্যরাত থেকে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক গোলাম মাওলা। এর আগে গত ২৫ জুন বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়।

কেন্দ্রটির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, চীন ও বাংলাদেশের যৌথ বিনিয়োগে ২০২০ সালে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কেন্দ্রটি চালানোর জন্য কয়লা কিনতে ঋণ দিয়ে আসছে চায়না ন্যাশনাল মেশিনারী ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোম্পানি (সিএমসি)। এপ্রিল পর্যন্ত কয়লার ৩৯০ মিলিয়ন ডলার বকেয়া বিল পরিশোধ না করায় কয়লা সরবরাহ বন্ধ করে দেয় সিএমসি।

তবে নতুন করে কয়লা আমদানির জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংক ১০০ মিলিয়ন ডলার সংস্থান দিয়েছে। ইতোমধ্যে এলসি খোলা হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যেই কয়লা চলে আসলে আবারও চালু হবে বিদ্যুৎ কেন্দ্রটি।

 

মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।