ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি পদে দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক পদে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান নির্বাচিত হয়েছেন।

আজ রাজধানীর একটি হোটেলে কাউন্সিলের প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তী সময়ের জন্য এ কমিটি গঠিত হয়। এছাড়া ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম কমিটির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

সভায় উপস্থিত সম্পাদকরা ন্যাশনাল এডিটরস কাউন্সিলের বেশকিছু সংশোধনীসহ গঠনতন্ত্র অনুমোদন করেন। এর বাইরে সভায় যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদারের প্রস্তাবনায় এডিটরস কাউন্সিল প্রতিবছর সাংবাদিকতায় ‘নজরুল পদক’ প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

যায়যায়দিন সম্পাদক শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সম্পাদকরা সংবাদপত্রের স্বাধীনতা ও পেশাগত মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, ‘দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে হলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে একসঙ্গে কাজ করতে হবে।’ তিনি সারা দেশের সম্পাদকদের একটি প্ল্যাটফর্মে আনতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আমরা আরো বিস্তৃত করতে চাই। সাংবাদিকদের মধ্যে যোগাযোগ বাড়ানো উচিত। স্বাধীন সাংবাদিকতার জন্য সম্পাদকরা যাতে ঐক্যবদ্ধ থাকতে পারেন, সেজন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনটি প্রথম সভাতেই গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যাত্রা শুরু করেছে।’

সভায় অংশ নিয়ে নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান সোহেল, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক লোটন একরাম, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, খবর সংযোগ সম্পাদক শেখ নজরুল ইসলাম, বাংলাদেশের খবরের সৈয়দ মেজবাহ উদ্দিন, জনতা সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, দ্য বাংলাদেশ পোস্ট সম্পাদক সদরুল হাসান, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, খোলা কাগজ সম্পাদক মনির হোসেন, রূপালী বাংলাদেশের সায়েম ফারুকী, ভোরের বাংলা সম্পাদক শেখ মুহাম্মদ আরিফ, দি গ্লোবাল পোস্টের ড. মাহবুবুর রহমান প্রমুখ মতামত দেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More