
নারায়ণগঞ্জে ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সাকিব নামে ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
শিশুটিকে দুর্বৃত্তরা শ্বাসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাকিব সিকদার (১০) রুপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার জিকু সিকদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।
ঘটনার বিবরণে ওসি জানান, ১৭ থেকে ১৮ দিন আগে শিশুটি তার মায়ের সাথে আড়াইহাজার উপজেলার পাচঁরুখী গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। এর মধ্যে বৃহস্পতিবার সকালে তার মা তাকে বাজারে পাঠান। এরপর থেকে আর বাড়ি ফিরেনি সে। শুক্রবার এলাকাবাসী সাকিবের নানার নতুন বাড়ির পাশে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি আরো জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গৌতম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।