“নির্বাকতাই হোক প্রতিভাদের ভাষা, কোনো কথা না বলে অনেক কথা যাই বলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাইম ফেইসের অর্ধযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালা–২০২৬ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে এ কর্মশালা শুরু হয়; চলবে শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত। মূকাভিনয় শিল্পের চর্চা ও প্রসার, নতুন প্রজন্মের মধ্যে এ শিল্পের প্রতি আগ্রহ সৃষ্টি এবং সম্ভাবনাময় শিল্পীদের প্রশিক্ষিত করে তোলার লক্ষ্যেই কর্মশালাটির আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীদের মূকাভিনয়ের বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। শরীরী ভাষা, অঙ্গভঙ্গি, মুখের অভিব্যক্তি, অভিনয় কৌশল, চরিত্র উপস্থাপন এবং মঞ্চে মূকাভিনয়ের বিভিন্ন কলাকৌশল নিয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেন প্রশিক্ষকরা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন মুহাম্মদ ইকবাল জাভেদ, অর্থ সম্পাদক, বাংলাদেশ মাইম ফেডারেশন ও প্রাক্তন ছাত্র, ন্যাশনাল মাইম ইনস্টিটিউট, ভারত; ভবানী শংকর রায়, সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এবং নাট্য ও আবৃত্তি শিল্পী; এবং উজ্জ্বল উচ্ছাস, প্রতিষ্ঠাতা সভাপতি, মাইম ফেইস, নাট্যকার, পরিচালক ও মূকাভিনেতা।
কর্মশালায় বিভিন্ন বয়সী মাইমপ্রেমী, সংস্কৃতিকর্মী ও আগ্রহী শিল্পীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের পাশাপাশি মূকাভিনয়ের বিভিন্ন দিক নিয়ে আলোচনা, ব্যবহারিক অনুশীলন ও মঞ্চ পরিবেশনার কৌশল নিয়েও কাজ করেন অংশগ্রহণকারীরা।
আয়োজকরা জানান, প্রতিষ্ঠার পর থেকেই মাইম ফেইস মূকাভিনয় শিল্পের বিকাশ ও প্রসারে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটির ছয় বছরের পথচলা উদযাপনের পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পীদের মাইম চর্চায় সম্পৃক্ত করা এবং নারায়ণগঞ্জে মূকাভিনয়ের একটি শক্তিশালী চর্চাক্ষেত্র গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন মাইম ফেইসের সাধারণ সম্পাদক আব্দুল হানান সোহান। মাইম ফেইসের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি, নারায়ণগঞ্জ ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে।
কর্মশালার সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মূকাভিনয় শিল্পকে আরও মানুষের কাছে পৌঁছে দিতে এবং নতুন শিল্পীদের নিয়মিত চর্চার সুযোগ তৈরি করতে ভবিষ্যতেও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অর্ধযুগের পথচলা উদযাপনের মধ্য দিয়ে আয়োজিত এ কর্মশালা নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে মূকাভিনয় চর্চাকে আরও গতিশীল করার পাশাপাশি নতুন শিল্পী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।