শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নাইকো মামলায় খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নাইকো মামলায় খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি

নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন শুনানির জন্য হাইকোর্টে বেঞ্চ নির্ধারণ করা হয়েছে।

রবিবার (২১ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ মে) এ মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীরা আবেদনপত্রটি জমা দেন। এতে বিচার শুরুর আদেশ বাতিল চাওয়া হয়েছে।

মামলায় ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেয়ার মাধ্যমে বেগম জিয়াসহ অন্য আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন বলে অভিযোগ আনা হয়। ২০০৮ সালের ৫ মে বিএনপি চেয়ারপারসনসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। মামলা হওয়ার ১৫ বছর পর গত ২৯ মার্চ বেগম জিয়াসহ ৮ জনের বিচার শুরুর আদেশ দেন আদালত। নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৩ মে দিন ধার্য রয়েছে।

২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা করা হয়। ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনে দুদক।

মামলার অন্য সাত আসামি হলেন: তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশনের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া ও নাইকোর দক্ষিণ এশিয়া বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান মারা যাওয়ায় মামলার দায় হতে তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়াসহ বেশ কয়েকজন ব্যক্তি ক্ষমতার অপব্যবহার করে কানাডার কোম্পানিটিকে অবৈধভাবে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের সুবিধা পাইয়ে দেন। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

 

এফএম/দীপ্ত নিউজ