0
শরীয়তপুরের নড়িয়ায় কবরস্থানের জমি নিয়ে দু-পক্ষের সংঘর্ষে আনোয়ার ভুইয়া নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১ জন আহত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের রহিম ঢালীর বাড়ির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত আনোয়ার ভুইয়া (৪২) ভুমখাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সেকেন্দার ভুইয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুমখাড়া ইউনিয়নের মানাখান গ্রামের মানাখান জামে মসজিদের কবরস্থানের জমি নিয়ে দীর্ঘদিন যাবত ইতালি প্রবাসী জাহীদুল ঢালী ও আনোয়ার ভুইয়ার মধ্যে মতবিরোধ ছিল। এ বিষয়ে তাদের মধ্যে আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বুধবার বিকেলে এ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় জাহিদুল ঢালী ও আনোয়ার ভুইয়ার সাথে। পরে কথা কাটাকাটির একপর্যায়ে জয়দুল ঢালী লাঠি দিয়ে লিটন ও আনোয়ার ভুইয়ার মাথায় আঘাত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে আনোয়ার ভুইয়ার অবস্থা আশংকাজনক হওয়ার চিকিৎসকরা তাকে ঢাকার রেফার করেন। পরে ঢাকায় যাওয়ার পথে আনোয়ার ভুইয়া মারা যায়। আর লিটন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। এদিকে আনোয়ার ভুইয়ার মৃত্যুর ঘটনা ছড়িয়ে পরার পর জয়দুল ঢালীর বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কবরস্থানের জমি নিয়ে দ্বন্দে লাঠির আঘাতে একজনের মৃত্যু হয়েছে। আসামিদের ধরার জন্য আমাদের চেষ্টা চলমান রয়েছে। এ বিষয়ে এখনো হয়নি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।