দেড় ঘণ্টার ব্যবধানে ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৩টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে এসব ভূমিকম্প সংঘটিত হয় বলে জানিয়েছে ইউরোপীয়–ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি)।
ইএমএসসি তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার – বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প সংঘটিত হয়। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৯। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। এমনকি চট্টগ্রামেও ভূমিকম্প অনুভূত হয়।
ঠিক এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ–ভারত সীমান্তে মিজোরাম রাজ্যের লুংলেই এলাকায় রিখটার স্কেলের ৫ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে করে দেশের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরা রাজ্যের আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এতেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূকম্পন অনুভূত হয়।
এদিকে, ভোরের দিকে আরও একটি ভূকম্পন রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকা থেকে ৪৪৩ কিমি দূরত্বে ৪ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প ভোর ৪টায় অনুভূত হয়।
এসএ