শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

কলকাতায় দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ১৯

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
কলকাতায় দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে নিহত ১৯
ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় দুর্গাপূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) মানিকতলা এলাকার চোরবাগান সার্বজনিন পূজা প্যান্ডেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এদিন রাত নয়টার দিকে প্রবল বৃষ্টি নামে। তখন দর্শনার্থীরা হুড়োহুড়ি করে মণ্ডপের ভেতরে ঢোকার চেষ্টা করেন। এতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই মণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপের ভিতরে প্রবেশের চেষ্টা করেন লাইনে দাঁড়িয়ে থাকা বহু মানুষ। তারা পরস্পরকে ঠেলাঠেলি করতে থাকেন। তাতেই কয়েকজন মণ্ডপের ভিতরে বৃত্তাকার পথে পড়ে যান। পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

এ ঘটনায় ‘অনিচ্ছাকৃতভাবে মৃত্যু ঘটানোর’ অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে কলকাতা পুলিশ।

জানা গেছে, খবর পেয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আহত ব্যক্তিরা নিজেদের পছন্দমতো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসার সব খরচ বহন করবে রাজ্য সরকার। এ ঘটনায় কারও গাফিলতি পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না। টেলিভিশন ফুটেজ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে।

নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি ২৫ লাখ রুপি এবং পরিবারের একজনকে রাজ্য সরকারের গ্রুপ ‘ডি’ পদে চাকরি দেয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আহত ব্যক্তিদের এককালীন ৫ লাখ রুপি আর্থিক সহায়তা দেয়া হবে।

পদদলিত হওয়ার ঘটনার পর কলকাতার ৩টি পূজামণ্ডপের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এগুলো হলো— টালা প্রত্যয়, আলিপুর সর্বজনীন ও চেতলা সম্মিলনী।

উল্লেখ্য, কলকাতা শহরে এবার প্রায় ৩ হাজার ৫০০টি দুর্গাপূজা মণ্ডপ আয়োজন করা হয়েছে।

 

এসএ