বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

দায়িত্ব গ্রহণ করলেন নবনিযুক্ত আইজিপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। আইজিপি পদে নিয়োগের আগে তিনি এপিবিএনর অতিরিক্ত আইজি ছিলেন। দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন আলী হোসেন ফকির।

নবনিযুক্ত আইজিপি আজ সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এসে পৌঁছালে একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

এর আগে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় মো. আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

আলী হোসেন ফকির ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫৩ম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বিজ্ঞাপন

তিনি অত্যন্ত সততা, দক্ষতা ও পেশাদারত্বের সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। তিনি নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার ছিলেন। তিনি আরআরএফ সিলেটের কমান্ড্যান্ট এবং ৩ এপিবিএন খুলনা, ৫ এপিবিএন ঢাকা, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক ছিলেন। ডিআইজি হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌ এবং এসপিবিএনএ কর্মরত ছিলেন।

মো. আলী হোসেন ফকির কসোভো ও আইভরি কোস্ট জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন।

বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি। এ ছাড়া তিনি ১৫তম বিসিএস ফোরামের সাধারণ সম্পাদক, ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের আহ্বায়ক এবং অফিসার্স ক্লাব ঢাকা ও খুলনা ক্লাবের সদস্যসহ বিভিন্ন সামাজিকসাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন।

আলী হোসেন ফকির ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স) ও এমকম এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ সালের ৫ এপ্রিল বাগেরহাট জেলার সদর থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More