রাজধানীর ডেমরায় ‘জহির স্টিল মিলে‘ লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছে।
রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে ডেমরার বাঁশের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন– সাব্বির হোসেন (২৪), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।
দগ্ধদের হাসপাতাল নিয়ে আসা সহকর্মী আল–আমিন জানান, সকালে বয়লার মেশিনে লোহা গালানোর কাজ চলছিলো। তখন ভাট্টিতে মাল দেয়ার সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে গলিত লোহা আশপাশ ছড়িয়ে পড়লে ৩ শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের জাতীয় বান ইনিস্টিটিউটে নিয়ে আসা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ অবস্থায় ৩ জন শ্রমিককে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে সাব্বির হোসেনের শরীরে ৩৫ শতাংশ দগ্ধ, তোফাজ্জল হোসেনের ২৩ শতাংশ এবং মাজেদ হোসেনের শরীরে ১ শতাংশ দগ্ধ রয়েছে।
তিনি আরও বলেন, সাব্বির এবং তোফাজ্জল–এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি। অপরদিকে দগ্ধের পরিমাণ কম থাকায় জরুরি বিভাগে মাজেদ হোসেনের চিকিৎসা চলছে।
এসএ