
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ডেঙ্গুতে তিনজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫২৪ জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে নভেম্বরের ২৩ দিনে মারা গেছেন ১০৬ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৪৫ জন ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪১৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এছাড়া, খুলনা বিভাগে ১৪১, চট্টগ্রাম বিভাগে ১৭৩, বরিশাল বিভাগে ১৩৭, রাজশাহী বিভাগে ১৩১, ময়মনসিংহ বিভাগে ৮৫, রংপুর বিভাগে ৫৮ ও সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।








