ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের হোম লোন বিশেষায়িত প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋণ সহজলভ্য করা এবং আবাসন খাতে অবদান রাখার মধ্য দিয়ে ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে যাত্রা শুরুর পর থেকে প্রতিষ্ঠানটি দেশের গৃহঋণ খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত তিন দশকে ডিবিএইচ ফাইন্যান্স ৬৩ হাজারের বেশি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। এর মাধ্যমে বহু মানুষের নিজস্ব বাড়ির মালিকানার সুযোগ তৈরি হয়েছে। গ্রাহককেন্দ্রিক সেবা, ঋণ ব্যবস্থাপনা ও সেবার মানের মাধ্যমে প্রতিষ্ঠানটি গৃহায়ন অর্থায়ন খাতে কার্যক্রম পরিচালনা করছে।

৩০ বছর পূর্তি প্রসঙ্গে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘৩০ বছর পূর্ণ করা ডিবিএইচের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো—হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য অংশীজনের দীর্ঘদিনের আস্থার উদযাপন। আমাদের পথচলা সবসময় একটি সহজ কিন্তু সুদূরপ্রসারী লক্ষ্যকে কেন্দ্র করে হয়েছে—আরও বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানা সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখা। ভবিষ্যতেও দায়িত্বশীল অর্থায়ন, উদ্ভাবন ও টেকসই সমাধানের মাধ্যমে দেশের আবাসন খাতকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

প্রতিষ্ঠানটি জানায়, দীর্ঘ পথচলায় আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ডিবিএইচ টানা ২১ বছর ‘এএএ’ ক্রেডিট রেটিং অর্জন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির খেলাপি ঋণের হার কখনো ১ শতাংশ ছাড়ায়নি বলে দাবি করা হয়েছে। প্রতিষ্ঠানটির মতে, এ হার তাদের ঋণ ও ঝুঁকি ব্যবস্থাপনার ধারাবাহিকতার প্রতিফলন।

বর্তমানে ডিবিএইচ দেশের ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামী—উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থার আওতায় গৃহঋণসহ বিভিন্ন সেবা দিচ্ছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে তিন দশকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও বেশি মানুষের কাছে গৃহায়ন অর্থায়নের সুযোগ পৌঁছে দেওয়া, সারা দেশে কার্যক্রমের পরিধি বাড়ানো এবং পরিবেশবান্ধব ও টেকসই আবাসনকে উৎসাহিত করার লক্ষ্যে কাজ করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More