শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ডিজিটাল প্রতারণা রোধে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : ডিএসই চেয়ারম্যান
মো. মমিনুল ইসলাম। ফাইল ছবি

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা সুরক্ষায় ডিজিটাল প্রতারণা, ভুয়া তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম। তিনি বলেন, এ জন্য নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ প্রতিষ্ঠান, গণমাধ্যম ও বিনিয়োগকারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)-এর যৌথ উদ্যোগে আজ ‘ডিজিটাল ডিসেপশন অ্যান্ড স্ক্যাম অ্যালার্ট’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসই মাল্টিপারপাস হলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী পর্ব হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার তানবীর হাবিব রহমান,  নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক এবং হোসেন সাদাত।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিএসই চেয়ারম্যান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে পুঁজিবাজারে ভুয়া পরিচয়, বিভ্রান্তিকর বিনিয়োগ পরামর্শ এবং রাতারাতি মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার ঘটনা বাড়ছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুঁজিবাজারের প্রতি তাদের আস্থাও ক্ষুণ্ন হচ্ছে।

ডিএসই চেয়ারম্যান বলেন, এ ধরনের প্রতারণা মোকাবিলায় কার্যকর নজরদারি ও আইন প্রয়োগের পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে হবে। ডিএসই তার সার্ভেইল্যান্স ও মনিটরিং ব্যবস্থার আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে। একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতনতামূলক কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, পুঁজিবাজারের ইতিবাচক উদ্যোগ, সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম যথাযথভাবে জনসাধারণের কাছে তুলে ধরতে কার্যকর যোগাযোগব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা, সুশাসন ও দক্ষতা বাড়াতে হবে, যাতে বিনিয়োগকারীদের আস্থা দীর্ঘমেয়াদে সুদৃঢ় হয়।

মমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে একটি স্বচ্ছ, শক্তিশালী ও টেকসই পুঁজিবাজার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬-এর প্রতিপাদ্যের আলোকে তিনি ডিজিটাল প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।