রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

ডা. তৃণা ইসলামকে অব্যাহতির প্রতিবাদে ডিএমএফ-এর নিন্দা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)-এর সেক্রেটারি ও সিনিয়র নিউজ প্রেজেন্টার ডা. তৃণা ইসলামকে নিয়োগপত্র শর্ত লঙ্ঘন করে এবং কোনো প্রকার পূর্ব নোটিশ ছাড়াই গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষ অন্যায়ভাবে ডিউটি রোস্টার থেকে বাদ দেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে ডিএমএফ।

রবিবার (১ ফেব্রুয়ারি) ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডা. তৃণা ইসলাম দীর্ঘ দিন ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে গ্রীন টেলিভিশনে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিয়োগপত্রের ৮ নম্বর ধারা অনুযায়ী, অব্যাহতি প্রদানের ক্ষেত্রে ২ মাসের পূর্ব নোটিশ বা সমপরিমাণ বেতন প্রদানের বিধান থাকলেও কর্তৃপক্ষ তার কোনোটিই অনুসরণ করেনি। কোনো লিখিত কারণ দর্শানো বা প্রাতিষ্ঠানিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাকে ডিউটি রোস্টার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যা প্রচলিত শ্রম আইন ও মানবাধিকার লঙ্ঘন।

এতে আরও বলা হয়, গ্রীন টেলিভিশন কর্তৃপক্ষকে অবিলম্বে এই সিদ্ধান্ত পুর্নবিবেচনা করে ডা. তৃণা ইসলামকে সসম্মানে কাজে পুনর্বহাল করার দাবি জানানো হচ্ছে। অন্যথায়, ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আইনি পদক্ষেপ এবং সকল গণমাধ্যম সংগঠনকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিবৃতিতে ডিএমএফ সভাপতি বলেন, “নিজেদের সংগঠনের একজন শীর্ষস্থানীয় নেতার প্রতি এ ধরনের অন্যায় আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল একজন গণমাধ্যমকর্মীর পেশাগত অধিকার ক্ষুণ্ণ করা নয়, বরং পরিকল্পিতভাবে একজন পেশাদার কর্মীকে হেনস্তা করার শামিল।

তিনি আরও বলেন, “এ ধরনের অপসংস্কৃতি গণমাধ্যমের শৃঙ্খলা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাকে হুমকি মুখে ফেলছে।

ডিএমএফ আশা প্রকাশ করে যে, গ্রীন টিভি কর্তৃপক্ষ দ্রুত এই সংকট সমাধান করে গণমাধ্যমে ন্যায়বিচার ও পেশাদারিত্বে পরিবেশ বজায় রাখবে।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More