শনিবার, মে ২৩, ২০২৬
শনিবার, মে ২৩, ২০২৬

শিশু রামিসা হত্যা: ময়নাতদন্ত ও ডিএনএ প্রতিবেদন হস্তান্তর করলো সিআইডি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শিশু রামিসা'কে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে সিআইডি'র ফরেনসিক ইউনিট।

রাজধানীর পল্লবী এলাকায় ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শিশু ও অভিযুক্ত ব্যক্তির ডিএনএ নমুনা পরীক্ষা করে প্রতিবেদন তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিট।

শনিবার (২৩ মে) মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানা এসআই অহিদুজ্জামান ভুঁইয়া নিপুন এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট সংগ্রহ করেছেন।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডিএনএ, ময়নাতদন্ত প্রতিবেদন ও ভিসেরা রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

পল্লবী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, ‘সিআইডি থেকে ডিএনএ প্রতিবেদন পেয়েছি। এ ছাড়া সোহরাওয়ার্দী হাসপাতাল থেকেও ময়নাতদন্ত প্রতিবেদন আজই আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যেই মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিতে পারব। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি।’

এর আগে, এ মামলায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানা বুধবার (২০ মে) দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

সোহেল জানায়, গত ১৯ মে ঘটনার আগে সে ইয়াবা সেবন করেছিল। ভুক্তভোগী পরিবারের সঙ্গে তাদের পূর্ব কোনো শত্রুতা ছিল না।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামির জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More