
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী) উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণা করেছে। ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেনকে দলটির পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
রবিবার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে দেলাওয়ার হোসেনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল হালিম বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান পদ্ধতি হলো নির্বাচন। জামায়াতে ইসলামী দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন-সংগ্রাম করছে। এ কারণে দলটি সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, ১১ দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি, মজলুম ছাত্রনেতা ও ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান দেলাওয়ার হোসেনকে জামায়াতের পক্ষ থেকে ১১ দলের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করছি।
তিনি আরও বলেন, জনগণ যদি সঠিকভাবে ভোট দিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে জামায়াতের প্রার্থী জয়লাভ করবেন বলে তিনি আশাবাদী।
জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
এর আগে ওই জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন দেলাওয়ার হোসেন। শিগগিরই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।








