ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট এ নৈশভোজের আয়োজন করেন।

গতকাল স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এ নৈশভোজে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী নিউইয়র্ক পৌঁছানোর পর ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের বিষয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে সেটি দ্বিপক্ষীয় বিষয়। উভয় পক্ষের সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে সেটির আয়োজন বিবেচনা করা হবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More