টাঙ্গাইলে হামের উপসর্গ নিয়ে সাফা নামের আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুদিনে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। ১৩ মাস বয়সী সাফা সদর উপজেলার ধলোটিয়া গ্রামের সাদ্দামের মেয়ে।
এছাড়া গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে নতুন করে ৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে ২৩ শিশু চিকিৎসা নিচ্ছে। এছাড়া জেলার বিভিন্ন সরকার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও অনেক রোগী ভর্তি থাকলে আজকের তথ্য সরবরাহ করতে পারেনি সিভিল সার্জন অফিস।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক খন্দকার সাদিকুর রহমান বলেন, গত কযেকদিন যাবত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি হার বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার হাসপাতালে হামের জন্য নতুন আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। আজকে ভোরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে।
এ নিয়ে দুদিনে ২ শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হামের চিকিৎসা দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।