শিরোনাম
দীপ্ত নিউজ
অন্যান্য

ঝিনাইদহে আধিপত্য বিস্তারে ২ গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঝিনাইদহে আধিপত্য বিস্তারে ২ গ্রুপের সংঘর্ষে যুবক নিহত

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে রানা হোসেন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৪ জুলাই) দুপুরে ঢাকায় নেয়ার পথে বিকাল ৫টার দিকে মারা যান তিনি।

নিহত রানা শৈলকুপার কাশিনাথপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক লিটন জানান, ফরিদপুরের মাঝকান্দি মোড়ে পৌঁছালে রানা মৃত্যুরকোলে ঢলে পড়েন। মরদেহ এখনো ফরিদপুরে মর্গে আছে।

স্থানীয়রা জানান, সামাজিক ও দলীয় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে ধলহরাচন্দ্র ইউনিয়নে ছাত্রলীগের সাবেক নেতা মুস্তাক শিকদারের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমানের বিরোধ রয়েছে। এ ঘটনার জের ধরে সোমবার (২১ জুলাই) মধ্যরাতে শৈলকুপার বন্দেখালী গ্রামে উপজেলা সভাপতি মতিয়ার রহমানকে নৃশংস ভাবে পিটিয়ে চার হাতপা ভেঙ্গে দেওয়া হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে মঙ্গল ও বুধবার বন্দেখালী, কুশোবাড়িয়া ও নন্দিরগাতি গ্রামে মতিয়ার সমর্থকরা বেপরোয়া ভাবে ভাঙচুর–লুটপাট চালায়।

এ সময় কাশিনাথপুর গ্রামের রানা, সাইফুল ইসলাম, আকাই খান, বন্দেখালী গ্রামের গোলাম মোস্তফা, আলমগীর হোসেন ও আতিয়ার রহমানকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। এরমধ্যে রানা হোসেনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হলে ফরিদপুরে মারা যান তিন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহরিয়ার আলম/এজে/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।