ক্রোয়েশিয়াকে ২–১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে পর্তুগাল।
ম্যাচ শেষে পুরো দল যখন গ্রুপ ছবি তুলতে দাঁড়ায়, তখন জোতা‘র ২১ নম্বর জার্সি সামনে ধরে রাখেন অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। পরে সেই জার্সি নিজ গায়ে জড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে তিনি প্রয়াত সতীর্থকে স্মরণ করেন ।
এরপর ল্যাপ অব অনারের সময় আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো। চোখে জল নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন সিআরসেভেন।
ম্যাচ শেষে ফক্স‘কে দেয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ম্যাচের আগেই আমরা জানতাম দিনটি কতটা বিশেষ। জীবনের এই অদ্ভুত কাকতালীয় বিষয়টা নিয়ে আজ আমরা নিজেদের মধ্যে কথাও বলছিলাম, এটা সত্যিই অবিশ্বাস্য। আজকের এই পরিস্থিতি আমাদের জন্য অনেক বড় কিছু। শুধু আমরা ম্যাচটি জিতেছি বলেই নয়, যেভাবে জিতেছি সেটাও দারুণ অর্থবহ।’
পর্তুগাল স্পোর্ট টিভিকে রোনালদো বলেন, ‘আমরা জানি সে (জোতা) আমাদের মাঝেই আছে। আজকের জয়টা শুধু তাকেই উৎসর্গ করার জন্য, এটাই ছিল তাকে সম্মান জানানোর সেরা উপায়।’
উল্লেখ্য, ২০২৫ সালের ৩ জুলাই স্পেনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান দিয়োগো জোতা।
এসএ