দেশের এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা হবে না। কৃষিজমি, জলাশয়সহ প্রতিটি সম্পদ উৎপাদনের আওতায় এনে খাদ্য উৎপাদন বাড়ানো হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কৃষি ও মৎস্য উৎপাদন বাড়িয়ে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের পুষ্টি চাহিদা পূরণ করাই সরকারের মূল লক্ষ্য। শিক্ষা প্রতিষ্ঠানের পুকুরসহ অব্যবহৃত জলাশয়গুলো উৎপাদনমুখী ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে।
তিনি বলেন, ভিক্টোরিয়া কলেজের জলাশয়ে হালদা নদীর উন্নতমানের দেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে, যা দ্রুত বাড়ার সক্ষমতা রাখে। পুকুরের পরিবেশ ও খাদ্য উপযোগিতা বিবেচনায় এসব মাছ অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য আকার ধারণ করবে।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে তারা মাছের চাষ সম্পর্কে বাস্তব ধারণা পাবে এবং আত্মনির্ভরশীল হওয়ার মানসিকতা গড়ে তুলতে উৎসাহিত হবে।
কৃষিমন্ত্রী বলেন, দেশীয় মাছের উৎপাদন বাড়াতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। উন্মুক্ত জলাশয়ে ব্যাপক হারে মাছের পোনা অবমুক্ত কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সরকারি হ্যাচারিগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নতমানের পোনা উৎপাদন ও সরবরাহ বাড়লে দেশি মাছের প্রাপ্যতা আরও বাড়বে।
এ সময় মৎস্য অধিদপ্তর মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী, ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঞাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ