চারুকলায় আগুন: পুড়ে গেছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’ ও ‘শান্তির পায়রা’ মোটিফ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) চারুকলা অনুষদ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে ‘আনন্দ শোভাযাত্রার‘ জন্য তৈরি ‘ফ্যাসিবাদের প্রতিকৃতি’ আগুনে সম্পূর্ণভাবে আর আংশিকভাবে পুড়ে গেছে ‘শান্তির পায়রা‘ মোটিফ।

শনিবার (১২ এপ্রিল) ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর সাইফুদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা যখন ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন তখনই এ কাজ করা হয়েছে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল বলেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।

উল্লেখ্য, জুলাই–আগস্ট গণ–অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে ১৪৩২ নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার প্রধান মোটিফ ছিল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। যার উচ্চতা ছিল ২০ ফুট।

এই মোটিফে বাঁশ ও বেত দিয়ে দাঁতাল মুখের এক নারীর মুখাবয়ব বানানো হয়। মাথায় খাড়া চারটি শিং, হাঁ করা মুখ, বিশালাকৃতির নাক ও ভয়ার্ত দুটি চোখ। এটিকে ভারতে পালাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতি হিসেবে ধারণা করেছিলেন অনেকে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More