
চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

চাকরির বাজারে চাহিদা নেই, এমন বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ না খোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ে যেন নতুন বিভাগ খোলা না হয়— এমন আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রবিবার (২২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ইন্ডাস্ট্রি–একাডেমিয়া কোলাবোরেশন: সরকারের নীতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার আগে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা, বর্তমান শ্রমবাজারের চাহিদা এবং কর্মসংস্থানের সুযোগ বিবেচনা করতে হবে।
তিনি বলেন, কেবল বিভাগ খোলার জন্য বিভাগ খোলা হলে তা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য সুফল বয়ে আনবে না। এ ক্ষেত্রে যেসব বিভাগের বাস্তব প্রয়োজন নেই, সেগুলো খোলার অনুমতি না দিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রতিও আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘আমি শুধু এটুকু বলব, বেকারত্বের কারখানা বানাবেন না। আর এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, এখন যেগুলো আগে অ্যানাউন্স করে খোলা হয়েছে, শিক্ষক রাজনীতির জন্য খোলা হয়েছে, স্টুডেন্ট পলিটিকসের জন্য খোলা হয়েছে। এমন কোনো ডিপার্টমেন্ট খুলবেন না, যে ডিপার্টমেন্টের প্রয়োজন নেই।’
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত শিক্ষকের ঘাটতি রয়েছে। অথচ প্রয়োজন অনুযায়ী শিক্ষক নিয়োগ ও জনবল কাঠামো সম্প্রসারণ করা যাচ্ছে না। এ সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়গুলোর জনবল চাহিদা পূরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার প্রয়োজন রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে নতুন বিভাগ খোলার পাশাপাশি বিদ্যমান বিভাগগুলোর শিক্ষার মান, গবেষণা ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়েও গুরুত্ব দিতে হবে। কোন খাতে কতজন দক্ষ জনবল প্রয়োজন, তা বিবেচনায় নিয়ে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে হবে।








