চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ–যুবলীগের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) মিছিলের পর থেকে শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। থানা কোতোয়ালি থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন– তানভীর হাসান (২৭), মোসলেম উদ্দিন (৪০), বিপু ঘোষ বিলু (৫৫), নাহিদ হোসেন (১৯), সাইফুল ইসলাম (২০), নওশের উদ্দিন চৌধুরী (২১), জুয়েল (২৪), আলাল (২১), আসিফ (২২), শুভ রহমান (২২), সৌরভ দেওয়ানজী (২৯) ও ইমাম হোসেন সাদমান (২২)।
পুলিশ জানায়, শুক্রবার কোতোয়ালি থানার রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারদের ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়। তারা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনীতির সাথে জড়িত।