দীপ্ত নিউজ
বাংলাদেশ

কাদের মির্জা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
কাদের মির্জা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
কাদের মির্জা

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য পরীক্ষার ফলাফল অনুযায়ী বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম।

তিনি বলেন, দুইদিন আগে মেয়রের সহধর্মিণী আকতার জাহান বকুল করোনা আক্রান্ত হন। পরে শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় পরীক্ষা করে মেয়র কাদের মির্জার শরীরেও করোনা শনাক্ত করা হয়। তাদের দুজনকে পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

পারিবারিক সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মেয়র আবদুল কাদের মির্জার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

মেয়র আবদুল কাদের মির্জা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই। তিনি ১৯৯৮ সালে প্রথম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বসুরহাট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২০১১ সাল থেকে টানা তিনবার প্রথম শ্রেণির পৌরসভা বসুরহাটের মেয়র নির্বাচিত হন।

যূথী/দীপ্ত সংবাদ