জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহা‘র নামাজ আদায় শেষে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া‘র কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৮ মে) নামাজ শেষে সকাল ৮টা ৩৮ মিনিটে শে–রে–বাংলা নগরে বাবা–মায়ের সমাধিস্থলে যান তারেক রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রথমে তারা একান্তে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এরপর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাদের নিয়ে বাবা–মায়ের কবরে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে নেতাদের সঙ্গে নিয়ে কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপি সিনিয়র যুগ্ম–মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
এরপর রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো‘র কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন।
এসএ