রাজধানীতে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকালে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে ফোরাম ফর ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি) আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. রাশেদ উল হক সরকার। এতে কনসেপ্ট নোট উপস্থাপন করেন এফওয়াইপি কার্যনির্বাহী সদস্য আপন জহির।
সম্মেলনে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও তরুণ পেশাজীবীরা অংশ নেন।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ে রয়েছে। এ সময় তরুণ চিকিৎসকরাই প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
আলোচনায় অংশ নেন ডা. আমিনুল হাসান (সহকারী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ), ডা. মাশরুর সাকলায়েন (সহকারী রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ), জান্নাতুল ইলমি সূচনা (প্রভাষক, হাবিবুল্লাহ বাহার কলেজ) এবং সরকার মাসুদ হাসান (ম্যানেজিং ডিরেক্টর, মাসউডস কনসালটেন্সি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফওআইপির নির্বাহী সদস্য মো. আবদুল্লাহ হামিম।
ডা. আমিনুল হাসান বলেন, প্রথাগত চিকিৎসার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।
জান্নাতুল ইলমি সূচনা বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।
মাসউদ/এসএ