এটিই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জয়: শান্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের হারিয়ে টেস্ট ক্রিকেটে নিজেদের অন্যতম সেরা সাফল্য পেয়েছে টাইগাররা।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শেষে শান্ত বলেন, দলের এই পারফরম্যান্সে তিনি অত্যন্ত খুশি ও গর্বিত।

অধিনায়ক বলেন, ‘আমি খুবই খুশি, নিজের জন্য গর্বিত এবং ছেলেরা যেভাবে খেলেছে, তাতেও গর্বিত। আমরা অনেক পরিশ্রম করেছি।

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে পেসারদের গুরুত্ব বাড়াকে দলের বড় পরিবর্তন হিসেবে দেখছেন শান্ত। আগে টেস্ট খেলতে পেসারদের অনীহার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় পরিবর্তন।

পাঁচ বছর আগেও পেসাররা টেস্ট খেলতে চাইত না। কিন্তু আমরা এখন অনেক টেস্ট খেলছি এবং তারা টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে। তারা খেলতে চায়, পারফর্ম করতে চায়, বিশ্বমানের হতে চায়। এখন তাদের মানসিকতাই এমন।’

এই পরিবর্তনের পেছনে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অবদানও দেখছেন বাংলাদেশ অধিনায়ক।

শান্ত বলেন, ‘মুশফিকুর ও মুমিনুলের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা তাদের বেশি করে টেস্ট ক্রিকেট খেলতে উৎসাহিত করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান। তার ব্যাটিংয়ের প্রশংসা করে শান্ত বলেন, ‘সে সাদা বলের ক্রিকেটে আক্রমণাত্মক খেলে। কিন্তু এই টেস্টে সে শান্ত ছিল এবং বলের মেরিট অনুযায়ী শট খেলেছে। টপ অর্ডারের ব্যাটার হিসেবে আমরা চাই, সে যেন দলের জন্য প্রভাব রাখতে পারে। সে সেটাই করেছে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় জয় বলেও উল্লেখ করেছেন শান্ত।

তিনি বলেন, ‘যে কোনো ফরম্যাটে এখন পর্যন্ত এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। সামনে আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More