
এএফআই আজীবন সম্মাননা পাচ্ছেন টম ক্রুজ

হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজের জীবনে আরেকটি বড় অর্জন যুক্ত হচ্ছে। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের (এএফআই) আজীবন সম্মাননা পাচ্ছেন তিনি। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়েছে তাকে।
বুধবার (২১ অক্টোবর) এএফআইয়ের পরিচালনা পর্ষদ এ ঘোষণা দেয়। আগামী ২৪ এপ্রিল ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে টম ক্রুজের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।
এএফআইয়ের পরিচালনা পর্ষদের চেয়ারপারসন ক্যাথলিন কেনেডি এক বিবৃতিতে বলেন, ‘টম ক্রুজ বিশ্বজুড়ে পরিচিত একজন আইকন। অভিনেতা ও প্রযোজক হিসেবে তিনি নিজের প্রতিটি কাজের প্রতি অসাধারণ নিষ্ঠা দেখিয়েছেন। তার যে বিষয়টি আমার সবচেয়ে ভালো লাগে, তা হলো সিনেমা এবং এর মাধ্যমে মানুষকে একত্র করার শক্তিতে প্রবল বিশ্বাস।’
তিনি আরও বলেন, ‘সিনেমার প্রতি এই ভালোবাসাই তাকে বিশ্বজুড়ে মার্কিন চলচ্চিত্রের একজন অসাধারণ দূত করে তুলেছে। ৫২তম এএফআই লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার হাতে তুলে দিতে পারা আমাদের জন্য সম্মানের।’
চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন টম ক্রুজ। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
‘রিস্কি বিজনেস’, ‘এ ফিউ গুড মেন’, ‘জেরি ম্যাগুয়ার’, ‘মাইনরিটি রিপোর্ট’ এবং ‘টপ গান’ সিনেমার মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি পেয়েছেন এই অভিনেতা। এ ছাড়া ‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজিতে তাঁর অভিনয় আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
টম ক্রুজ এর আগে অভিনয়ের জন্য তিনবার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের মনোনয়ন পেয়েছেন। ‘বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই’ ও ‘জেরি ম্যাগুয়ার’ সিনেমায় প্রধান চরিত্রে এবং ‘ম্যাগনোলিয়া’ সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য মনোনয়ন পান তিনি।
প্রযোজক হিসেবেও ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমার মাধ্যমে সেরা চলচ্চিত্র বিভাগের অস্কার মনোনয়নের সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৫ সালে গভর্নরস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক অস্কার দেওয়া হয়।






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।