রাজধানীর তেজগাঁও, এফডিসি মোড় এলাকার একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে (সাবস্টেশন) আগুন লাগার ঘটনায় শনিবার (১১ জুলাই) দুপুর থেকে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার দুপুর দেড়টার দিকে এফডিসি মোড়সংলগ্ন ওই উপকেন্দ্রটিতে আগুন লাগে। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) জানায়, সাবস্টেশনে আগুন লাগার কারণে কারওয়ান বাজার, তেজগাঁও, বাংলামোটর, পরীবাগ, মগবাজার, ইস্কাটনসহ আশপাশ এলাকায় দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে বিকল্প ব্যবস্থায় এরই মধ্যে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে।
ডিপিডিসি নির্বাহী পরিচালক (অপারেশন, অতিরিক্ত দায়িত্ব) রবিউল হাসান বলেন, ক্ষতিগ্রস্ত উপকেন্দ্রের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে প্রকৌশলীরা কাজ করছেন। পরিস্থিতি অনুকূলে থাকলে দ্রুতই পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
এসএ