শিরোনাম
দীপ্ত নিউজ
অর্থনীতি

ঈদুল আজহা’র আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই গ্রাফিতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ঈদুল আজহা’র আগেই আসছে নতুন নোট, নকশায় থাকছে জুলাই গ্রাফিতি

আসন্ন ঈদুল আজহা‘র (কোরবানি ঈদ) আগেই নতুন নকশার নোট বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। ২ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকার নতুন নোটে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি পাশাপাশি দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নির্দশন।

অন্যদিকে, চাহিদা থাকলেও বঙ্গবন্ধু‘র ছবিযুক্ত নোট গ্রাহকদের দিতে পারছে না ব্যাংকগুলো।

রাজনৈতিক পট পরিবর্তনের ৯ মাস হলেও এখনও বাজারে আসেনি নতুন নকশার নোট। টাকায় বঙ্গবন্ধু‘র ছবি থাকায়, গেল ঈদুল ফিতরে ছাড়া হয়নি নতুন নোট। ফলে খোলাবাজারে চাহিদা বাড়ে।

নতুন নোট সংকটে গ্রাহকের হাতে বেড়েছে ছেঁড়াফাটা নোটের সংখ্যা। ফলে অনেকেই পুরোনো কিংবা ছেঁড়াফাটা নোট পরিবর্তন করছেন রাজধানী গুলিস্তান ও মতিঝিল এলাকায়। খোলাবাজার থেকে বাড়তি টাকায় এসব নোট পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন গ্রাহক।

এদিকে, ব্যাংকে ছেঁড়াফাটা নোট পরিবর্তন করতে গ্রাহকদের অনেক নিয়ম–নীতির মধ্যে পড়তে হচ্ছে। ভল্টে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও, বাংলাদেশ ব্যাংক নির্দেশনা অনুযায়ী গ্রাহকদের তা দিতে পারছে না ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নতুন নকশার নোট ছাপাতে কমপক্ষে ১ থেকে দেড় বছর সময় লাগে। তবে, গ্রাহকদের চাহিদা মাথায় রেখে কোরবানি ঈদের আগেই নতুন নোট ছাড়া হবে।

তিনি আরও জানান, নতুন ৯ ধরনের নোট ছাপানো হলেও সবগুলো এখনই পাওয়া যাবে না।

বাংলাদেশ ব্যাংক তথ্যমতে, প্রতি বছর বিভিন্ন মূল্যমানের ১৫০ কোটি পিস নতুন টাকার চাহিদা থাকলেও, টাকশাল ছাপাতে পারে ১২০ কোটি পিস।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।