বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।
সেতুমন্ত্রী বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে যেকোনো যানবাহনে যখন যাত্রীরা চড়ে তখন ঝুঁকিও বাড়ে, দুর্ঘটনাও ঘটতে পারে। আবার এমন পরিস্থিতিতে ভাড়া নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে যায়। এ সময় ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি বলেন, এবার আমরা বৃষ্টির আশঙ্কা করছি। বৃষ্টি যদি হয় তখন কিন্তু যানজট হওয়ার ব্যাপক সম্ভাবনা তৈরি হয়। সে সময় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্যদের রাস্তায় রাখা যায় না।
তিনি আরও বলেন, গতবার একদিনের ঝড়–বৃষ্টি আমাদের বেশকিছু চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এবার বৃষ্টির আশঙ্কা থাকায় যানজট ব্যাপক হওয়ার সমূহ সম্ভাবনা আছে। বিশেষ করে পশুবাহী যানবাহনের জন্য এবার চ্যালেঞ্জ বেশি।
শেখ রবিউল বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব মন্ত্রণালয় সবসময় নিজেদের সক্ষমতার শতভাগ চেষ্টা করে। এবার আমরা গার্মেন্টস ছুটির বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। পোশাকশ্রমিকদের ৩ থেকে ৪ দিনে ধাপে ধাপে ছুটি দেয়ার দাবি করেছে মন্ত্রণালয়। গার্মেন্টস মালিকদের সংগঠন সেটি করা হবে বলে নিশ্চিত করেছে।
এসএ