নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকার। ঈদের আগেই কয়েকটি এলাকায় এই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী‘র উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তেজগাঁও অবস্থিত প্রধানমন্ত্রী কার্যালয়ের ফটকে তিনি এসব কথা জানান।
মাহদী আমিন জানান, নির্বাচনের আগে বিএনপি‘র অন্যতম প্রতিশ্রুতি ছিল মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মগুরুদের সম্মানি ভাতা প্রদান করা। ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতায় বিএনপি সরকার ঈদুল ফিতরের আগেই প্রাথমিকভাবে এই কার্যক্রম শুরু করবে। পর্যায়ক্রমে সারাদেশে তা চালু হবে।
তিনি বলেন, এই সম্মানি কত টাকা, তা এখনও নির্ধারণ করেনি সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তা চূড়ান্ত করা হবে।
এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী‘র প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা।
এসএ