২০২২ বিশ্বকাপ থেকে শুনতে হচ্ছে– ‘আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে ফিফা’। এবারও এর ব্যতিক্রম নয়, বিশেষ করে ‘বিতর্কিত’ রেফারিং সিদ্ধান্তের পর বিষয়টি এখনও সবার মুখে মুখে।
এতদিন সোশ্যাল মিডিয়ায় কানাঘুঁষা চললেও এবার প্রশ্নটা তোলা হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলনেও। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি উত্তর দিয়েছেন।
রাউন্ড অব ৩২‘র ম্যাচে আজ বাংলাদেশ সময় দিবাগত ভোর রাতে (৪টা) বিশ্বকাপের ‘সারপ্রাইজ প্যাকেজ’ কেপভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। তার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ স্কালোনি।
সেখানে এই ম্যাচ নিয়ে আলোচনা, আর্জেন্টিনা দলের প্রতি কথিত পক্ষপাতিত্ব নিয়ে অনলাইনে আলোচনা–সমালোচনার বিষয়ে নিজ অবস্থান স্পষ্ট করেছেন এই আর্জেন্টাইন কোচ।
আর্জেন্টিনা সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, প্রশ্নটি করা মাত্রই স্কালোনি বুঝিয়ে বলেন কীভাবে এসব গুঞ্জন থেকে দল নিজেদের দূরে রাখে।
স্কালোনি বলেন, আজকাল যে কেউ যেকোনো ভিত্তিহীন বিষয় পোস্ট করে তিলকে তাল বানিয়ে ফেলতে পারে। আমার মনে হয়, এসব বিষয়কে আমাদের বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া উচিত নয়।’
তিনি বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম জিনিসটাই এমন। এর ভালো দিক যেমন আছে, তেমনি কিছু খারাপ দিকও আছে। দুর্ভাগ্যবশত, যে কেউ যেকোনো আজেবাজে কথা পোস্ট করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডের মধ্যে তা ছড়িয়ে পড়ে সবখানে। আমরা এসবের দিকে একদমই কান দিই না, ব্যস এটুকুই।’
আর্জেন্টিনা কোচ আরও বলেন, বর্তমান আর্জেন্টিনা দলের সাফল্য কারও দয়া বা সুবিধা পাওয়ার ফল নয়। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো; সবার সম্মিলিত পরিশ্রমেই এই সফলতা এসেছে।
এসএ