যুক্তরাজ্যভিত্তিক রকেট কোম্পানি ভার্জিন অরবিট নতুন বিনিয়োগ সুরক্ষিত রেখে কোম্পানিকে সাবলীলভাবে পরিচালনার জন্য ৮৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। নতুন বিনিয়োগ না বাড়ায় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (৩১ মার্চ) ভার্জিন অরবিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের তালিকায় এবার নাম লেখাল যুক্তরাজ্যভিত্তিক রকেট কোম্পানি ভার্জিন অরবিট। এবার তাদের ৮৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এটি ব্রিটিশ ধনকুবের স্যার রির্চাড ব্র্যানসনের কোম্পানি।
গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে প্রতিষ্ঠানটি তাদের দীর্ঘমেয়াদি কার্যক্রম বন্ধ রাখবে। কোম্পানির আর্থিক পরিস্থিতির সম্ভাব্য সমাধান খুঁজতেই সব কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। ভার্জিন অরবিট জানিয়েছে, কোম্পানির আনুষঙ্গিক ব্যয় কমানোর এবং তহবিল সংগ্রহ করার জন্যই তারা কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বিবিসি বলছে, গত জানুয়ারিতে যুক্তরাজ্যের ভূমি থেকে মহাকাশে নিজেদের প্রথম স্যাটেলাইট অভিযান পরিচালনায় ব্যর্থ হয়েছে ভার্জিন অরবিট। কোম্পানির ‘লঞ্চার ওয়ান’ রকেটটি বোয়িং ৭৪৭ বিমান কসমিক গার্ল থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। রকেটটি মহাকাশে পৌঁছেছে ঠিকই কিন্তু তার মূল লক্ষ্যের কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
আর প্রতিষ্ঠানটি বলছে, কোম্পানির সব শাখায় আনুমানিক ৬৭৫ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়তে যাচ্ছেন। ছাঁটাই ও অন্যান্য খরচ বাবদ প্রায় ১৫ মিলিয়ন ডলার ব্যয় হবে।
এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিত থাকবে বলে কর্মীদের জানিয়েছে ভার্জিন অরবিট কর্তৃপক্ষ।
এদিকে ৮৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় বৃহস্পতিবার (৩০ মার্চ) নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৪৪ শতাংশের বেশি কমে গেছে।
আফ/দীপ্ত সংবাদ