বেতন ভাতা বৃদ্ধিসহ ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগর ভবনে ময়লা–আবর্জনা ফেলে বিক্ষোভ করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেলে নগর ভবন প্রাঙ্গণে এ বিক্ষোভ করা হয়েছে। পরে ঘটনাস্থলে হাজির হয়ে ময়লা ফেলাকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের ওপরে চটে যান সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। বিক্ষোভে আন্দোলনকারীরা ৬ দফা দাবির কথা উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে দিকে পরিচ্ছন্নকর্মীরা নগর ভবনের সামনে অবস্থান নিয়ে ৬ দফা দাবিসহ নানা স্লোগান দিয়ে সিটি কর্পোরেশনের গেইট অবরুদ্ধ করে রাখে। এসময় একদল পরিচ্ছন্নতাকর্মী নগর ভবন প্রাঙ্গনে ময়লা–আবর্জনা ছুড়ে ফেলে। কেউ কেউ ফটক থেকে ভিতর পর্যন্ত আবর্জনা ঢেলে দেয়। এসময় পুলিশ এসে তাদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি।
বিক্ষোভ চলাকালে মেয়র আইভী এসে বলেন, তাদের বেতন ৮ হাজার টাকা ও বাসা ভাড়া ৫ হাজার টাকা করে দেওয়া হবে। আর সকলের চাকরি অস্থায়ী। কেন এ টাকার কথা জানানো হলো না এজন্য তিনি পরিচ্ছন্ন কর্মকর্তা শ্যামল পালের উপর ক্ষুব্ধ হন। ওই সময়ে আইভী আন্দোলনকারী নেতাদের চাকরিচ্যুতেরও হুঁশিয়ারী দেন। কেন নগর ভবনের সামনে ময়লা ফেলা হলো সে কৈফিয়তও জানতে চান। পরে আইভী চলে গেলে পরিচ্ছন্নকর্মীরা শ্যামল পালের উপর চড়াও হন।
ঘটনাস্থালে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, পরিচ্ছন্ন কর্মীদের বেতন আগেই বৃদ্ধি করা হয়েছে। কিন্তু ফান্ডের অভাবে অনেকের বেতন দেয়া হচ্ছে না। এরপরও আন্দোলনকারীরা বিক্ষোভ করেছে। পরে তাদের বুঝিয়ে শুনিয়ে নগর ভবন থেকে সরিয়ে দেয়া হয়।
এফএম/দীপ্ত সংবাদ